জার্মান বুন্দেসলিগার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করলেন মারি লুইস এইতা। ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ কোনো লিগের ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে পুরুষ দলের ডাগআউট সামলানোর গৌরব অর্জন করলেন তিনি।
গত শুক্রবার রাতে এফসি হেইডেনহেইমের বিপক্ষে ৩-১ গোলে হারের পর প্রধান কোচ স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করে ইউনিয়ন বার্লিন। টেবিলের তলানির এই হারের প্রেক্ষাপটে বাউমগার্টের স্থলাভিষিক্ত করা হয়েছে ৩৪ বছর বয়সি এইতাকে। তিনি চলতি মৌসুমের বাকি সময় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
মারি লুইস এইতার ক্যারিয়ারে এটিই প্রথম ইতিহাস গড়া নয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে তিনি ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান, যা ছিল বুন্দেসলিগার ইতিহাসে প্রথম কোনো নারীর সহকারী কোচ হওয়ার ঘটনা।
২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন ম্যানেজার নেনাদ বজেলিকা নিষিদ্ধ হলে ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে প্রথম নারী হিসেবে দল পরিচালনার কৃতিত্বও দেখিয়েছিলেন তিনি।
পেশাদার ফুটবলার হিসেবেও মারি লুইস ছিলেন সফল। টারবাইন পটসডামের হয়ে তিনি নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। কোচিং ক্যারিয়ারে গত বছরের জুলাই থেকে তিনি ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্তমানে ১৮ দলের বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের অবস্থান ১১ নম্বরে। ২০২৬ সালে খেলা শেষ ১৪টি লিগ ম্যাচের মধ্যে তারা মাত্র দুটিতে জয় পেয়েছে। প্রতিকূল এই পরিস্থিতিতে দলকে টেনে তোলার বড় চ্যালেঞ্জ এখন মারি লুইস এইতার সামনে।
সময়ের আলো/কেএইচও