চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে আবু বাকের মজুমদার দাবি করেন, ঘটনাটি কেবল সাধারণ কোনো প্রতিবাদ নয় বরং এর পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশ এবং ‘মব কালচার’ কাজ করছে।
তার মতে, সাবেক মেয়র মনজুর আলমের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনা এই ঘটনার সঙ্গে জড়িত হতে পারে।
নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, সাবেক মেয়র দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। তার ভাষায়, আওয়ামী লীগ ও বিএনপি- দুই রাজনৈতিক ধারার সঙ্গেই অতীতে তার সম্পৃক্ততা ছিল।
আরও পড়ুন
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায় কিছু পক্ষ এনসিপির সম্ভাব্য প্রার্থিতাকে কেন্দ্র করে উদ্বিগ্ন হয়ে পড়েছে, যার প্রতিফলন হিসেবে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
পোস্টে আবু বাকের মজুমদার অভিযোগ করেন, কিছু রাজনৈতিক পক্ষ ও তাদের সমর্থকরা সংগঠিতভাবে পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ‘মব’ সংস্কৃতি ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে, যখন হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় যান। এ সময় বাসার সামনে একটি দল জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেন বলে জানা যায়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
এএডি/