বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহারের জন্য দলটির নেতাকর্মীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে রাশেদ প্রধান বলেন, কুলাঙ্গার শব্দের আভিধানিক অর্থ বংশের কলঙ্ক। তবে যেহেতু এই শব্দ ব্যবহারে বিএনপি কর্মীরা ব্যথিত হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন, তাই আমি তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে এই শব্দ আর ব্যবহার করব না। তবে আমার মূল রাজনৈতিক বক্তব্য ও আদর্শিক অবস্থান অপরিবর্তিত থাকবে।
জাগপা সহসভাপতির দাবি করেন, বিএনপির অনেক কর্মী হয়তো শব্দটির গূঢ় অর্থ উপলব্ধি করতে পারেননি বলেই এত উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি ২০২৬-এর নির্বাচনের আগে থেকেই বলে আসছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সেই আদর্শিক বিএনপি আর নেই। তারেক রহমান তার পিতা-মাতার আদর্শ থেকে বিচ্যুত হয়ে দল পরিচালনা করছেন।
রাশেদ প্রধান উল্লেখ করেন, গত ১৫ এপ্রিল একটি আলোচনা সভায় তিনি একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। এর আগে বহুবার একই কথা বললেও এবার ‘কুলাঙ্গার’ শব্দটি যুক্ত করায় দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশের বিভিন্ন স্থানে তার কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ করে। প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার। আমি সরকারপন্থী নেতাকর্মীদের এই গণতান্ত্রিক চর্চাকে সাধুবাদ জানাই।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। ফ্যাসিস্ট হাসিনার আমলেও আমি চুপ ছিলাম না, আজও থাকব না। গণতান্ত্রিক দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটলে তা মনে করিয়ে দেওয়া বিরোধী দল হিসেবে আমাদের কাজ। অঙ্গীকার পালনে সরকারকে সজাগ করতে আমি সবসময় কথা বলে যাব।
সংবাদ সম্মেলনে জাগপা ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/কহু