চলতি বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যায় চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তার প্রথম একক অভিনয়।
নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। আলোচিত নাটকটি আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামীকাল ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে লুৎফার প্রদীপ। লুৎফার প্রদীপ নাটকের গল্পে দেখা যাবে- পলাশীর যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হওয়ার পর নবাব সিরাজ-উদ-দৌলার মরদেহ ভাগীরথী নদীর অপর পারে খোশবাগে নবাব আলিবর্দী খানের কবরের পাশে সমাহিত করা হয়।
সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বা লুৎফা স্বামীকে ভালোবেসে প্রতি সন্ধ্যায় তার কবরে নিয়মিতভাবে প্রদীপ জ্বালাতেন। নিজের মৃত্যু পর্যন্ত লুৎফা সিরাজের কবরে এই প্রদীপ জ্বালিয়ে গেছেন। এ প্রদীপ কি কেবলই মৃত স্বামীর প্রতি এক বিধবা নারীর প্রেমের প্রকাশ? নাকি তার চেয়ে বেশি কিছু?
নির্দেশক সগীর মোস্তফা বলেন, ‘ইতিহাস সবসময় বিজয়ীদের কথা বলে। বিজিতদের দীর্ঘশ্বাস আর ত্যাগের গল্প অনেক সময় অজানাই থেকে যায়। লুৎফার প্রদীপ নাটকটি কেবল বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের ইতিহাস নয়, বরং এটি সিরাজপত্নী লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, সীমাহীন ধৈর্য এবং আজীবন লালন করা শোকের এক জীবন্ত উপাখ্যান।’
নাটকটির শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় রয়েছেন উত্তম গুহ। আবহসংগীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, রূপসজ্জায় রয়েছেন নাজমুন নাহার লিজা।
সময়ের আলো/আআ