ঢাকার ধামরাইয়ে নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় শরীফুল ইসলাম নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, ধর্ষণ চেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার দুপুরে এ নির্দেশ দেন আদালত।
গ্রেফতার শরীফুল ইসলাম ধামরাই পৌর ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তাকে আগামী ২২ জুন পর্যন্ত কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক অন্তঃসত্ত্বা নারীকে মারধর করে শরীফুল। একপর্যায়ে ওই নারীর তলপেটে লাথি দেন। এতে তার রক্তক্ষরণ ও গর্ভপাত ঘটে।
ধামরাই থানা সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, ধর্ষণ চেষ্টা ও চুরিসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও সরকারি জমি দখল থেকে শুরু করে এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০২৫ সালের নভেম্বরে তার বিরুদ্ধে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় দখল ও বালু দিয়ে ভরাটের অভিযোগ ওঠে।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলার তদন্ত চলমান রয়েছে।
সময়ের আলো/জোই