শুরুতে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে যখন চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তখন দলের হাল ধরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। মিরপুরে গত ম্যাচে ফিফটি করার পর আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রান করে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন শান্ত। ১৩ ইনিংস পর পাওয়া সেই আত্মবিশ্বাস আজকেও টেনে এনেছেন তিনি। ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে ৭০ বল খেলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। শুরুতে কিউই পেসারদের তোপে উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে তিনি ছিলেন ব্যতিক্রম। তার এই ইনিংসটি মূলত ধীরস্থির এবং দায়িত্বশীল ব্যাটিংয়ের এক উজ্জ্বল নিদর্শন।
শান্তর ফিফটির পাশাপাশি চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে গড়া অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছে। ২০ ওভার শেষে যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৪ রান, ২৬ ওভার শেষে তা দাঁড়িয়েছে ১০৭ রানে। লিটন দাসও দেখেশুনে খেলে ৩২ রানে অপরাজিত আছেন।
শুরুতে সাইফ, তানজিদ ও সৌম্যর দ্রুত বিদায়ে যে চাপ তৈরি হয়েছিল, শান্ত ও লিটনের ব্যাটে তা অনেকটাই সামাল দেওয়া গেছে। তবে বড় সংগ্রহের জন্য এই জুটিকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন এই দুই অভিজ্ঞ ব্যাটারের সামনে।
/কহু