ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে মার্কিন প্রশাসনের ওপর কোনো সময়ের চাপ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
ট্রাম্প জানান, সংঘাত অবসানের চেয়ে একটি টেকসই ও ভালো চুক্তিতে পৌঁছানোই এখন তার মূল লক্ষ্য। তাই উদ্ভূত পরিস্থিতিতে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও আলোচনা অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে তার রেড লাইন বা চূড়ান্ত সীমার কথা জানিয়ে দিয়েছেন। বিশেষ করে ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে রাখা হয়েছে। ওয়াশিংটন বর্তমানে তেহরানের উত্তরের অপেক্ষায় রয়েছে।
লেভিট আরও উল্লেখ করেন, ইরান এখনো কোনো ঐক্যবদ্ধ বার্তা দিতে না পারায় প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মূলত ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই ওয়াশিংটন আপাতত অপেক্ষা করার নীতি গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।
/কহু