আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহত দুজন হলেন সাগর ও এরশাদ।
এদিকে সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্প কাজের শ্রমিকদের সঙ্গে ঠিকাদারের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগের গ্লাস ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ শ্রমিককে আটক করে পাঁচলাইশ থানায় নিয়ে গেছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, মাটি খনন কাজের সময় দুর্ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, মাটি ভরাটের জন্য খননকাজ পরিচালনা হচ্ছিল। এ সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ চমেকের মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/জোই