আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক বিশাল সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল (বিএনপি)। ওই দিন বেলা আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৫ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সমাবেশে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ মে’র কর্মসূচিকে একটি সফল ও ঐতিহাসিক সমাবেশে রূপ দিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্রস্তুতি সভা শুরু হয়েছে যা সমাবেশের দিন পর্যন্ত চলমান থাকবে। বক্তারা মে দিবসকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তারা ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে জানান, সুসংগঠিত আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের অধিকার রক্ষা করা সম্ভব।
নজরুল ইসলাম খান সংবাদিকদেরও শ্রমজীবী মানুষের অংশ হিসেবে অভিহিত করেন এবং এই দিবসটিকে সফল করতে তাদের সহযোগিতা কামনা করেন। সমাবেশের খরচ ব্যবস্থাপনার বিষয়ে জানানো হয় যে, শ্রমিক দলের নেতাকর্মীরা নিজেদের সংগৃহীত অর্থেই এই আয়োজন সম্পন্ন করছেন। কারো কাছ থেকে সাহায্য না নিয়ে নিজেদের শক্তিতে কর্মসূচি বাস্তবায়ন করাকে তারা স্বনির্ভরতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
শ্রমিকদের বিভিন্ন দাবির প্রসঙ্গে বলা হয় যে, গত বছরের মে দিবসের যে সকল দাবি এখনো অপূর্ণ রয়েছে, এবারের সমাবেশে মূলত সেগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে। সরকার শ্রমিকবান্ধব নীতি গ্রহণ করলেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈশ্বিক সংঘাতের কারণে কিছু ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় লাগছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ মহানগর ও বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/কহু