ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক

2026-04-26T14:49:44+00:00
2026-04-26T14:49:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম 
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে সেশনজট নিরসনে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বছরের সব পাবলিক পরীক্ষা সম্পন্ন করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়ানো গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজব কে ছড়াচ্ছে সেটি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি সমস্যা যাচাই ছাড়া তা প্রচার করা। ফেসবুকের তথ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে সত্যতা নিশ্চিত হওয়া জরুরি। যারা গুজব ছড়াচ্ছে কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

এইচএসসি পরীক্ষার সেশনজট প্রসঙ্গে ড. এহছানুল হক মিলন জানান, দুই বছরের কোর্স নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে, যাতে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়। শিক্ষার্থীদের যেন মূল্যবান সময় নষ্ট না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় সবার সচেতন সহযোগিতা কামনা করেন।


  বিষয়:   পাবলিক  পরীক্ষা  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: