অর্থ পাচার রোধসহ তিন আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থ পাচার ও আন্তর্জাতিক অপরাধ দমন, সৌরবিদ্যুৎ উৎপাদন ও স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ এবং সরকারি ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে একাধিক

2026-11-03T04:51:58+00:00
2026-11-03T04:51:58+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
মন্ত্রিসভার বৈঠক
অর্থ পাচার রোধসহ তিন আইনের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৫১ এএম 
ছবি : সংগৃহীত
অর্থ পাচার ও আন্তর্জাতিক অপরাধ দমন, সৌরবিদ্যুৎ উৎপাদন ও স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ এবং সরকারি ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অপরাধ তদন্ত ও আইনি সহযোগিতা জোরদারে হংকংয়ের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট ইন ক্রিমিনাল ম্যাটারস) করা হচ্ছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে অপরাধসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং তদন্তে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি বন্দি বিনিময় বা অপরাধী প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি নয়। বরং অপরাধ তদন্ত ও আইনি সহায়তা পাওয়ার জন্য এ চুক্তি করা হচ্ছে। বাংলাদেশের কোনো অপরাধী অপরাধ সংঘটনের পর হংকংয়ে পালিয়ে গেলে বা সেখানে অবস্থান করলে এ চুক্তির আওতায় বাংলাদেশ হংকংয়ের কাছে আইনি সহায়তা চাইতে পারবে। বিশেষ করে মানি লন্ডারিং বা অর্থ পাচারসহ আন্তর্জাতিক অপরাধ দমনে চুক্তিটি কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। এর বিচারব্যবস্থা ও আইন প্রয়োগের প্রক্রিয়া ভিন্ন হওয়ায় চীনের পাশাপাশি হংকংয়ের সঙ্গেও আলাদাভাবে এ চুক্তি করা হচ্ছে।

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যুৎ বিভাগের উদ্যোগে প্রণীত এ আইনের মাধ্যমে ইতিমধ্যে জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ আইনে রূপান্তর করা হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী জারি করা অধ্যাদেশ পরবর্তী সময়ে জাতীয় সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উদ্যোগে প্রণীত এ সংশোধনীতে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী দরপত্রদাতা এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।


এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়ন, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগ, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধানের স্পষ্টীকরণ এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার (অলটারনেটিভ প্রকিউরমেন্ট অ্যারেঞ্জমেন্ট) বিধান যুক্ত করা হয়েছে। সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’। এ আইনটি এ পর্যন্ত ছয় দফায় সংশোধন করা হয়েছে। সবশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে সংশোধন আনা হয়। এবার ওই অধ্যাদেশকে আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী জারি করা অধ্যাদেশটি আইনে রূপান্তরের জন্য জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিল আকারে উপস্থাপন করতে হবে। এ উদ্দেশ্যে সংশোধনী আইনের খসড়া তৈরি করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং আইএমইডির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   অর্থ পাচার  রোধ  তিন আইন  খসড়া অনুমোদন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: