হবিগঞ্জের চুনারুঘাট জারুলিয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ছায়েদ আলী (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালক মারা গেছেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের হাবিব উল্লাহর ছেলে। বর্তমানে তিনি জারুলিয়া এলাকায় স্বপরিবারে বসবাস করেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া জানান, সোমবার বিকালে ছায়েদ আলী সিএনজি অটোরিকশা যোগে চুনারুঘাট যাওয়ার সময় পথিমধ্যে ইছালিয়া ও জারুলিয়ার মধ্যবর্তী এলাকায় ঝড়ের কবলে পড়েন।
আরও পড়ুন
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সিএনজি অটোরিকশা নীচে চাপা পড়েন ছায়েদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা ৭টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়ী নেওয়ার প্রক্রিয়া করছি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের সাথে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া নেয়া হবে।
এএডি/