চলতি বছরের হজ মৌসুম শুরু হওয়ার পর থেকে একের পর এক ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাচ্ছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৩টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী ইতোমধ্যে পবিত্র ভূমিতে পৌঁছেছেন।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এখন পর্যন্ত ৯২টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই যাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।
ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইন্স সক্রিয় ভূমিকা রাখছে। এর মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪০টি ফ্লাইট। অন্যদিকে সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, যাদের সবাই পুরুষ। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে ২৭ এপ্রিল, জামালপুরের মাদারগঞ্জ এলাকার বাসিন্দা ৬১ বছর বয়সী এক হজযাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু হয়। প্রথম দিনে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে বিশেষ ফ্লাইট। এই যাত্রা কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। এরপর ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে মোট প্রায় ৭৮ হাজারের বেশি মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে, যেখানে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনাই বড় অংশজুড়ে রয়েছে।
এএডি/