ডিসইনফরমেশন বা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যভিত্তিক ফটোকার্ড প্রকাশ পুরোপুরি বন্ধে সরকার কঠোর নীতি গ্রহণ করবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে শক্ত অবস্থানে যাবো। ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড মিডিয়ায় আর অনুমোদন দেওয়া হবে না।’
তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তার মতে, এ ধরনের অপতথ্য ছড়ানোর প্রবণতা কমাতে হলে শুধু নিষেধাজ্ঞা নয়, আগের ঘটনার তদন্ত দায়ীদের শনাক্তকরণ এবং শাস্তি নিশ্চিত করাও জরুরি।
তিনি আরও বলেন, ‘যারা আগে এসব করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জবাবদিহির আওতায় আনা হবে। এটিই হবে এই প্রবণতা কমানোর গুরুত্বপূর্ণ অংশ।’
আরও পড়ুন
ব্রিফিংয়ে তিনি দেশে জঙ্গিবাদ নিয়ে দুই ধরনের চরম ধারণা থাকার বিষয়েও কথা বলেন। তার ভাষায়, এক পক্ষ মনে করে দেশে জঙ্গিবাদ ভয়াবহভাবে বেড়েছে, আরেক পক্ষ মনে করে দেশে কোনো জঙ্গিবাদ নেই- এই দুই দৃষ্টিভঙ্গিই ভুল।
তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের একটি প্রবণতা রয়েছে এবং কিছু মানুষ এতে জড়িত। মাঝেমধ্যে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করে, তবে সরকার সেটি নিয়ন্ত্রণে কাজ করছে।’
হাম টিকাসংক্রান্ত একটি ঘটনায় প্রশ্নের জবাবে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, অবহেলার কারণে যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়ে থাকে, তবে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।
তার ভাষায়, ‘যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন- এই বিষয়ে আমি নীতিগতভাবে একমত।’
এএডি/