দেশে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি সংকটের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে মানুষের উদ্বেগের কোনো কারণ নেই।
ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে।
তার ভাষায়, ‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পাম্পগুলোতে দীর্ঘ লাইনও আর দেখা যাচ্ছে না। শিগগিরই পুরো পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।’ তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে ভুল তথ্য বা অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। তবে তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।
আরও পড়ুন
তার মতে, ‘গণমাধ্যম সরকারের কাজের যৌক্তিক সমালোচনা করুক, কিন্তু ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো যাবে না।’ দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে, তবে এটি নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে আছে।
তিনি বলেন, ‘জঙ্গি ঝুঁকি আছে, তবে তা এমন পর্যায়ে যায়নি যে জনগণকে ভয় পেতে হবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিভিন্ন সময় জঙ্গি ইস্যু নিয়ে অতিরঞ্জিত বা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, আবার কোনো পর্যায়ে একেবারে জঙ্গিবাদ নেই- এমন ধারণাও সঠিক নয়।
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে। তবে সরকারের লক্ষ্য এটি শূন্যে নামিয়ে আনা।
এএডি/