তেহরানের স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের বিশেষজ্ঞ আব্বাস আসলানি জানিয়েছেন, ইসলামাবাদের আলোচনার পর ইরান তাদের আলোচনার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। মূলত দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং শান্তি প্রক্রিয়াকে গতিশীল করতে তেহরান এখন ধাপে ধাপে অগ্রসর হওয়ার নীতি গ্রহণ করেছে। এই নতুন কৌশলের আওতায় ইরান জটিল বিষয়গুলো থেকে সহজ ও দ্রুত সমাধানযোগ্য বিষয়গুলোকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিগত বছরগুলোতে আন্তর্জাতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে তেহরানের বর্তমান মূল্যায়ন হলো, যুক্তরাষ্ট্র আসলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আন্তরিক নয়। এ কারণে ইরান এখন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে, যেখানে পরমাণু ইস্যুর চেয়ে বৈরিতা কমানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এমন একটি পথ খুঁজছে যেখানে বড় বড় অমিল থাকা বিষয়গুলো আপাতত সরিয়ে রেখে যেসব ক্ষেত্রে অগ্রগতি সম্ভব, সেখানে মনোযোগ দেওয়া যায়। আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনাই এখন ইরানের আলোচনার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
/কহু