বন্দরনগরী চট্টগ্রামে সকাল থেকেই মেঘলা আকাশ আর বৃষ্টির লুকোচুরি। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ঘিরে এখন ঘোর অনিশ্চয়তা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হওয়া এবং ম্যাচ শুরু নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ থেকে ৯৪ শতাংশ। দুপুর ১২টার পর থেকেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ায় দুই দলের খেলোয়াড়দের মাঠে পৌঁছাতেও কিছুটা বিলম্ব হয়। টানা বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে থাকায় মাঠ খেলার উপযোগী করা নিয়ে চিন্তিত কিউরেটররা। যদি বৃষ্টি না কমে, তবে ম্যাচ পরিত্যক্ত কিংবা ওভার কমিয়ে আনার মতো সিদ্ধান্ত আসতে পারে।
তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম ম্যাচে কিউইদের দেওয়া ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করে দারুণ জয় পায় স্বাগতিকরা। আজকের ম্যাচটি জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে লিটন দাসের দল। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ ঘরে তোলা এখন টাইগারদের মূল লক্ষ্য।
গত এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং ও বোলিংয়ে আমূল পরিবর্তন এসেছে। বিশেষ করে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ও শামীম হোসেনের মারমুখী ব্যাটিং দলকে নতুন আত্মবিশ্বাস দিচ্ছে। অধিনায়ক লিটন দাসের সামনে এখন সুযোগ দলের এই উন্নতির ধারা বজায় রেখে অধিনায়ক হিসেবে আরও একটি সিরিজ জয়ের রেকর্ড গড়া।
অন্যদিকে, সফরকারী নিউজিল্যান্ডের জন্য এটি বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাকক্যাপরা গতকাল বৃষ্টির মধ্যেও ইনডোরে দীর্ঘ সময় অনুশীলন সেরেছে।
সাগরিকার গ্যালারিতে টিকিট হাতে ভক্তরা অপেক্ষা করছেন মাঠের লড়াই দেখার জন্য। তবে শেষ পর্যন্ত আবহাওয়া সদয় না হলে ম্যাচটি মাঠ গড়াবে কি না, তা নিয়ে দুপুর গড়িয়ে গেলেও সংশয় কাটছে না।
/কহু