চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। মাঠের পিচ ও এর আশপাশের অংশ এখন ঢাকা রয়েছে কাভারে।
সাগরিকা প্রান্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সকালের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর ১টার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন। ড্রেসিংরুমের সামনে বিমর্ষ মুখে অপেক্ষা করছেন দুই দলের ক্রিকেটাররা। মাঠের ব্রডকাস্টিং ক্যামেরাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং গ্রাউন্ডসম্যানদের কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি।
আয়োজক সূত্রে জানা গেছে, বৃষ্টি পুরোপুরি থামলে মাঠ খেলার উপযোগী করতে অন্তত আধা ঘণ্টা সময় লাগবে। তবে আবহাওয়া যে অবস্থায় আছে, তাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে খেলা শুরু হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। এমনকি বৃষ্টির দাপট না কমলে ম্যাচের ওভার কমিয়ে আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা লিটন দাসের দলের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে, কিউইদের জন্য এটি টিকে থাকার লড়াই। তবে ব্যাটে-বলের সেই রোমাঞ্চকর লড়াই আপাতত প্রকৃতির বাধায় থমকে আছে। গ্যালারিতে আসা শত শত দর্শক এখন কেবল বৃষ্টি থামার প্রার্থনায় প্রহর গুনছেন।
/কহু