চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বেরসিক বৃষ্টির দাপট বেড়েই চলেছে। নির্ধারিত সময়ে টস ও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। মাঠ এখন পুরোপুরি কাভারে ঢাকা, আর ড্রেসিংরুমেই বন্দি হয়ে আছেন দুই দলের ক্রিকেটাররা।
মাঠের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ম্যাচটি পূর্ণ ২০ ওভারের হতে হলে খেলা অবশ্যই বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করতে হবে। যদি এই সময়ের মধ্যে খেলা শুরু না করা যায়, তবে নিয়ম অনুযায়ী ওভার কাটা শুরু হবে। আর ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি-না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বিকাল ৪টা ৫০ মিনিটে। যদি পরিস্থিতি অনুকূলে আসে, তবে ৫টা ১৬ মিনিট থেকে অন্তত ৫ ওভারের একটি সংক্ষিপ্ত ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে।
এদিকে দুপুরের পর বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় গ্যালারিতে থাকা দর্শকদের ভোগান্তি বেড়েছে। এতক্ষণ অনেকে গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুললেও এখন সবাই ছাদের নিচে আশ্রয় নিয়েছেন। মাঠকর্মীরা এখনো কাভার সরানোর সুযোগ পাননি এবং ড্রেসিংরুমের বাইরে কোনো খেলোয়াড়কেও দেখা যায়নি। ব্রডকাস্টিং ক্যামেরাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে আজ ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের ছিল সিরিজে ফেরার লড়াই। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটে-বলের লড়াইয়ের বদলে এখন শুধুই বৃষ্টির রাজত্ব। বৃষ্টি পুরোপুরি থামলে মাঠ খেলার উপযোগী করতে অন্তত ৩০ মিনিট সময় লাগবে বলে জানিয়েছেন গ্রাউন্ডসম্যানরা। এখন সময়ের সাথে সাথে বাড়ছে ওভার কাটার উদ্বেগ এবং ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা।
/কহু