দেশজুড়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও প্রোগ্রামিং জ্ঞান বাড়াতে বড় পরিসরে আয়োজন করা হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। এই আয়োজনকে সামনে রেখে স্কুল, কলেজ, মাদরাসা ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধন ও প্রচারণা কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধনে উৎসাহিত করতে হবে। অনলাইন নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ মে রাত ১২টা পর্যন্ত।
আরও পড়ুন
এই প্রতিযোগিতার আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সমস্যা সমাধান, যুক্তিভিত্তিক চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন দেশের তরুণদের মধ্যে প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের নির্ধারিত ওয়েবসাইট হলো- (https://nhspc.bcc.gov.bd/)।
এএডি/