বগুড়ার আদমদীঘির সান্তাহারে ধারালো অস্ত্রের কোপে ইকবাল হোসেন (৫৬) নামের এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ইকবাল হোসেন সান্তাহার পৌর বিএনপি সহ সভাপতি ও শহরের মাইক্রোস্ট্যান্ড মহল্লার মৃত মনসুর আলীর ছেলে। তিনি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় কলার দোকানের সামনে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার বেশ কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে পেটে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মামলা দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।