চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ মাহমুদাবাদ এলাকার মো. আমিনুল ইসলামকে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকার মো. আকরাম হোসেন ও মো. ইমনকে একই অপরাধে প্রত্যেককে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির কারণে এলাকায় মাদকের বিস্তার নিয়ে যে উদ্বেগ ছিল তা প্রশাসনের কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও মনে করছেন তারা। মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান নিয়মিত হওয়া দরকার। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এই সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।