রাতে মেট্রোরেল চলার সময় বাড়ছে ৪০-৫০ মিনিট

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানী ঢাকার মেট্রোরেলের চলাচলে রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট সময় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা

2026-05-06T02:19:11+00:00
2026-05-06T02:19:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
রাতে মেট্রোরেল চলার সময় বাড়ছে ৪০-৫০ মিনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১৯ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার মেট্রোরেলের চলাচলে রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট সময় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মেট্রোরেল কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময়ে চলবে মেট্রোরেল। দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমবে। অর্থাৎ, সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিকল্পনা আছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়। 

বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। 

গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়। সে সময় সকালে মেট্রোরেল আধা ঘণ্টা আগে চালু করা হয়। রাতে শেষ ট্রেনের সময় আধঘণ্টা বাড়ানো হয়। বর্তমানে সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে। এখন রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে।

উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে। প্রতি সেটে ছয়টি কোচ। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন সার্বক্ষণিকভাবে চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময়ে চালালে এবং ট্রিপের সংখ্যা বাড়ালে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিকভাবে ব্যবহার করা হবে।

ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, সাড়ে তিন মিনিট পরপর একটি ট্রেন চালানোর সক্ষমতা আছে। এ ছাড়া সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে বলে প্রকল্প নেওয়ার সময় প্রক্ষেপণ করা হয়েছিল। কিন্তু লোকবলের অভাবে পর্যায়ক্রমে সময় বাড়ানো হচ্ছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।

/এসএকে


  বিষয়:   রাত  মেট্রোরেল  সময় বাড়ছে  মিনিট  রাজধানী  ঢাকার 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: