আলঝেইমারের আগাম অপ্রত্যাশিত লক্ষণ কী

সময়ের আলো ডেস্ক

ফিচার

আলঝেইমার একধরনের স্নায়ুরোগ। স্মৃতিশক্তি দুর্বল হওয়ার বহু বছর আগেই মস্তিষ্কে ধীরে ধীরে জটিল পরিবর্তন শুরু হয় অনেকের। এর কারণে ধীরে

2026-05-06T02:25:48+00:00
2026-05-06T02:25:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ফিচার
আলঝেইমারের আগাম অপ্রত্যাশিত লক্ষণ কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:২৫ এএম 
প্রতীকী ছবি
আলঝেইমার একধরনের স্নায়ুরোগ। স্মৃতিশক্তি দুর্বল হওয়ার বহু বছর আগেই মস্তিষ্কে ধীরে ধীরে জটিল পরিবর্তন শুরু হয় অনেকের। এর কারণে ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির স্মৃতি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজ করার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। যেসব কারণে ডিমেনশিয়া হয় অর্থাৎ, স্মৃতিশক্তি কমে যায়, সেগুলোর মধ্যে আলঝেইমার অন্যতম। এ রোগ বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায়। 

গবেষকদের মতে, কখনো কখনো প্রায় এক দশক আগেই রোগের সূক্ষ্ম প্রভাব তৈরি হতে থাকে, যদিও তখন স্পষ্ট কোনো মানসিক সমস্যা ধরা পড়ে না। এই কারণে বিজ্ঞানীরা এখন প্রাথমিক, কম দৃশ্যমান লক্ষণগুলো শনাক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

বর্তমানে লাখ লাখ মানুষ আলঝেইমারে আক্রান্ত এবং জনসংখ্যার বার্ধক্যের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই রোগটি দ্রুত শনাক্ত করার জন্য গবেষণা চলছে- মস্তিষ্কের ইমেজিং, রক্ত পরীক্ষা এবং অন্যান্য জৈবিক চিহ্ন খোঁজার মাধ্যমে। তবে এসব পরীক্ষার নির্ভুলতা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এর পাশাপাশি বিশেষজ্ঞরা এমন কিছু শারীরিক, আচরণগত ও সামাজিক পরিবর্তনের দিকে নজর দিচ্ছেন, যা স্মৃতিভ্রংশ শুরু হওয়ার আগেই দেখা যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি হলো আর্থিক ব্যবস্থাপনায় অসংগতি। গবেষণায় দেখা গেছে, রোগ নির্ণয়ের প্রায় ছয় বছর আগে থেকেই অনেক ব্যক্তি বিল পরিশোধ করতে ভুলে যান বা আর্থিক সিদ্ধান্তে ভুল করতে থাকেন। তারা হঠাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন, এমনকি প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে এই সময়ের মধ্যে তাদের সঞ্চয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে দেখা গেছে, যা ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হলো অকারণ ওজন হ্রাস। গবেষণায় দেখা গেছে, আলঝেইমার লক্ষণ প্রকাশ পাওয়ার প্রায় ১০ বছর আগে থেকেই ধীরে ধীরে ওজন কমতে শুরু করতে পারে, যা রোগ নির্ণয়ের আগের কয়েক বছরে আরও দ্রুত হয়। এর পেছনে ক্ষুধামন্দা, শক্তির অভাব বা রান্না করার আগ্রহ কমে যাওয়ার মতো কারণ থাকতে পারে। 

কিছু গবেষণায় এমনও ইঙ্গিত পাওয়া গেছে যে, শরীরের নির্দিষ্ট হরমোনের পরিবর্তন মানসিক অবনতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এ ছাড়া ভাষাগত সূক্ষ্ম পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ পূর্বলক্ষণ। গবেষণায় দেখা গেছে, রোগ নির্ণয়ের প্রায় সাত বছর আগে থেকেই মানুষের কথাবার্তার জটিলতা কমে যেতে পারে। তারা ছোট, সরল এবং কম নির্দিষ্ট বাক্য ব্যবহার করতে শুরু করেন। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট শব্দের পরিবর্তে সাধারণ শব্দ ব্যবহার করার প্রবণতা বাড়ে, যা ভবিষ্যতের স্মৃতিজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে।

ঘ্রাণশক্তি কমে যাওয়াও আরেকটি সম্ভাব্য লক্ষণ। যদিও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা অন্য শারীরিক সমস্যার কারণেও ঘ্রাণশক্তি কমতে পারে, তবু কিছু গবেষণায় দেখা গেছে, গন্ধ শনাক্ত করার ক্ষমতা কমে গেলে ভবিষ্যতে আলঝেইমারসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন, মস্তিষ্কের কিছু কোষ বা স্নায়ু সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই পরিবর্তন ঘটে।

এর পাশাপাশি মেজাজ ও আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে। যেমন- অবসাদ, খিটখিটে ভাব,  আবেগের অস্থিরতা বা হঠাৎ উদ্বেগ বেড়ে যাওয়া। অনেক সময় এসব লক্ষণকে সাধারণ মানসিক সমস্যা হিসেবে মনে করা হলেও, পরবর্তী সময়ে এগুলো স্মৃতিভ্রংশের পূর্বাভাস হতে পারে। গবেষণায় দেখা গেছে, স্মৃতিশক্তি স্বাভাবিক থাকা সত্ত্বেও অনেক মানুষ রোগ নির্ণয়ের আগে অন্তত একটি মানসিক পরিবর্তনের লক্ষণ প্রদর্শন করেন।

বিশেষজ্ঞদের মতে, এসব লক্ষণ এককভাবে নিশ্চিতভাবে আলঝেইমার ইঙ্গিত দেয় না, কারণ থাইরয়েড সমস্যা, ভিটামিনের ঘাটতি বা অন্যান্য চিকিৎসাযোগ্য কারণেও এমন পরিবর্তন হতে পারে। তবে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে তা গুরুত্ব সহকারে দেখা উচিত এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

স্বাস্থ্যকর জীবনযাপন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষম খাদ্যগ্রহণ, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগ বজায় রাখা মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। পাশাপাশি হৃদরোগের ঝুঁকির কারণগুলো যেমনÑ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে, কারণ এগুলোর প্রভাব মস্তিষ্কের ওপরও পড়ে।

সবশেষে, আগেভাগে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা ও পরিকল্পনা গ্রহণ সহজ হয়। তাই নিজের বা পরিবারের কারও মধ্যে এমন পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/এসএকে


  বিষয়:   আলঝেইমার  অপ্রত্যাশিত  লক্ষণ 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: