প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫২ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ১০:৫৩ এএম
তামা ও স্টিলের বোতল। ছবি : সংগৃহীত স্বাস্থ্য সচেতন মানুষরা পানি পানের জন্য এখন প্লাস্টিকের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন। কিন্তু স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপযোগী? বোতল কেনা বা ব্যবহারের আগে জেনে নেওয়া যাক বিস্তারিত।
তামার বোতলের উপকারিতা
সারারাত তামার বোতলে পানি রাখলে তামার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ পানিতে মিশে যায়। তামা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে হজমশক্তি উন্নত করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তামার পানি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়া, তামার পাত্রে রাখা পানি পান কোলাজেন তৈরিতে সাহায্য করে। এর ফলে ত্বক ও চুল ভালো থাকে। প্রদাহ কমানোর ক্ষমতা থাকায় এই পানি অস্থিসন্ধির ব্যথাও কমায়।
তবে, তামার বোতলে ৮-১২ ঘণ্টার বেশি পানি রাখা ঠিক নয়। আবার দিনে ২-৩ বারের বেশি তাম্রজল বা তামার পানি খাওয়াও উচিত নয়। অতিরিক্ত তামা শরীরে গেলে বমি, পেট ব্যথা বা লিভারের সমস্যা হতে পারে। একইসঙ্গে মনে রাখতে হবে- লেবু বা টক জাতীয় কিছু তামার বোতলে রাখা একদম নিষিদ্ধ।
স্টিলের বোতলের উপকারিতা
স্টিল পানির সঙ্গে কোনো বিক্রিয়া করে না। পানির স্বাদ বা গুণও বদলায় না। এই ধরনের বোতল পড়ে গেলেও ভাঙে না, মরচেও ধরে না। সহজে পরিষ্কার করা যায়। এছাড়া, ডাবল-ওয়াল স্টিলের বোতলে ২৪ ঘণ্টা পর্যন্ত পানি গরম বা ঠান্ডা থাকে।
তাহলে কোনটা কিনবেন?
যদি আপনি আয়ুর্বেদিক উপকার পেতে চান, তাহলে সকালে খালি পেটে এক বোতল তাম্রজল খেতে পারেন। সারারাত বোতলে পানি রেখে সকালে খান। অন্যদিকে যদি আপনি সারাদিনের জন্য, অফিস বা জিমের জন্য ব্যবহার করতে চান, যেখানে বারবার পানি ভরতে হয়, সেক্ষেত্রে স্টিলের বোতল ব্যবহার করতে পারেন।
সূত্র : এশিয়াননেট নিউজ
সময়ের আলো/মহু