পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে চলন্ত বাস থেকে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সেলফি পরিবহনের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ১১টি বাস আটক করেছে।
বুধবার (৬ মে) দুপুরে ধামরাইয়ের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী ইমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমন সকালে ধামরাইল পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় সেলফি পরিবহনের বাসটি থানা রোড এলাকায় পৌঁছালে গাড়ি না থামিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন সহপাঠীরা। এতে গুরুতর আহত হয়ে তার শরীরে প্রায় ১৫টি সেলাই লাগে।
ঘটনার পর বিকেলে সাভার থানা স্ট্যান্ড এলাকা থেকে সেলফি পরিবহনের ১১টি বাস আটক করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আহত ইমনের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সময়ের আলো/আআ