যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস নিয়ে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্যাটেলের এই জীবনযাপন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। প্রতিবেদনটিতে প্যাটেলের মদ্যপান এবং সহকর্মীদের মাঝে মদ্য বিতরণের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা নিয়ে গোয়েন্দা সংস্থাটির ভেতরেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দ্য আটলান্টিকের নতুন প্রতিবেদনে জানা গেছে, ক্যাশ প্যাটেল কেবল নিজেই মদ্যপান করেন না, বরং এফবিআইয়ের অন্যান্য কর্মকর্তাদেরও নিয়ম করে মদ উপহার দেন। এসব মদের বোতল অত্যন্ত দামী ব্র্যান্ডের এবং বিশেষ বিষয় হলো, বোতলগুলোর গায়ে প্যাটেলের নাম খোদাই করা থাকে।
এছাড়া তার বিরুদ্ধে সরকারি সম্পদ ব্যবহারেরও অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারিতে ইতালির মিলানে অলিম্পিক উপলক্ষে যাওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের বিশেষ বিমানে করে বিপুল পরিমাণ মদ পরিবহন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহকর্মীদের মদ উপহার দেওয়ার বিষয়টি নিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাফাই গাওয়ার চেষ্টা করা হয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, উপহার দেওয়ার এই সংস্কৃতি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ক্যাশ প্যাটেল পরিচালক হওয়ার আগে থেকেই এটি চলে আসছে। তবে এফবিআইয়ের অনেক জ্যেষ্ঠ কর্মী এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
তাদের মতে, সংস্থা হিসেবে এফবিআই মদ্যপানের বিষয়ে সব সময় ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি প্রদর্শন করে এসেছে। তাই মদ্য বিতরণকে দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে দাবি করার বিষয়টি তাদের কাছে একেবারেই নতুন এবং বিস্ময়কর।
ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত জীবনের এই বিতর্ক আরও জোরালো হয়েছে সাম্প্রতিক একটি সাইবার হামলার ঘটনায়। কয়েক দিন আগে ইরানি হ্যাকাররা প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করে একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে প্যাটেলকে মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে। এই ঘটনার পর তার ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সমালোচকদের মতে, একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার এমন আচরণ বিদেশি শত্রু দেশগুলোর কাছে তাকে ব্ল্যাকমেইলের সুযোগ করে দিতে পারে, যা প্রকারান্তরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলে দেবে।
সূত্র: এনডিটিভি
সময়ের আলো/টিএইচ