দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। ভবনের মধ্যে

2026-11-17T23:49:41+00:00
2026-11-17T23:49:41+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। ভবনের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্থাপনাটিকে এ স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। নতুন দুটি রেকর্ড যুক্ত হওয়ায় ক্লক টাওয়ারের মোট গিনেস স্বীকৃতির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে। 

সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন ক্লক টাওয়ারের পক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি সনদ গ্রহণ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, ভবনটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি রয়েছে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা শহরের বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। এর উচ্চতার কারণে দর্শনার্থীরা মক্কার স্থাপত্য এবং নগরজীবনের এক ব্যতিক্রমী চিত্র দেখতে পান।

২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার মিউজিয়াম। ভবনটির একেবারে ওপরের চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় পরিমাপের পদ্ধতি, মক্কার ইতিহাস এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত নানা যন্ত্রের বিবর্তন ও সেগুলোর কার্যক্রম সম্পর্কেও ধারণা পান দর্শনার্থীরা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা নির্ধারণের সময় ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের মিলিমিটার পর্যন্ত পরিমাপ করেছে। রেকর্ডটির সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হচ্ছে এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কার ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের একটি অংশ। সৌদি বিনলাদিন গ্রুপ এই কমপ্লেক্স নির্মাণের দায়িত্ব পালন করে। টাওয়ারের ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উঁচু চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার।


টাওয়ারটির চারদিকে রয়েছে একই মাপের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশাল আকারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি লাভ করে ক্লক টাওয়ার।

এর আগেও বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ড ছিল এই স্থাপনাটির। নতুন দুটি স্বীকৃতি পাওয়ার ফলে জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকসহ ক্লক টাওয়ারের গিনেস রেকর্ডের সংখ্যা এখন অন্তত পাঁচটি।

রয়্যাল কমিশন জানিয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ অন্যান্য দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের উদ্যোগকে তুলে ধরে।

কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে কাজে লাগিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ানো। পাশাপাশি স্থাপনাগুলোর উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   গিনেস ওয়ার্ল্ড রেকর্ড  স্বীকৃতি  মক্কা  ক্লক টাওয়ার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: