‘মৃত্যু আসন্ন’ আতঙ্ক ছড়িয়ে ৮ হাজারের বেশি ভুয়া বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘মৃত্যু আসন্ন’— এমন আতঙ্ক ছড়ানো বার্তা পাঠিয়ে গত এক মাসে ইউরোপজুড়ে ৮ হাজারেরও বেশি ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

2026-11-17T19:15:28+00:00
2026-11-17T19:15:28+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউরোপের স্কুল ও বিমানবন্দরে
‘মৃত্যু আসন্ন’ আতঙ্ক ছড়িয়ে ৮ হাজারের বেশি ভুয়া বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম 
ইতালির রোমে বোমা হামলার হুমকির পর খালি করে দেওয়া এ.বি. কায়রোলি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি : রয়টার্স
‘মৃত্যু আসন্ন’— এমন আতঙ্ক ছড়ানো বার্তা পাঠিয়ে গত এক মাসে ইউরোপজুড়ে ৮ হাজারেরও বেশি ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির প্রধান লক্ষ্য ছিল যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ইতালির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি বিমান সংস্থা, বিমানবন্দর, সংবাদমাধ্যম, দাতব্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও এ হুমকির শিকার হয়েছে।  

এসব ভুয়া হুমকির কারণে ইউরোপের বিভিন্ন দেশে শত শত স্কুল খালি করতে হয়েছে। বন্ধ হয়েছে টেলিভিশন সম্প্রচার, বাতিল ও অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক ফ্লাইট। এমনকি হাজার হাজার শিক্ষার্থীকে নিরাপত্তার কারণে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।   

বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইউরোপের বিভিন্ন সরকারি কর্মকর্তার বক্তব্য, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট ও মাইমকাস্টের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই সংখ্যা পাওয়া গেছে। 

গত ১৯ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট প্রাথমিক বিদ্যালয়ে একটি ই-মেইল আসে। এতে বলা হয়, বিদ্যালয় ভবনের ভেতরে বোমা রাখা হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রিস ডনেলি জানান, বার্তাটি পাওয়ার পরপরই তিনি সেটিকে সন্দেহজনক মনে করেন। কারণ, ই-মেইলটির ভাষা ছিল অস্পষ্ট এবং একই বার্তা আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। তবে বিষয়টিকে হালকাভাবে না নিয়ে তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভেতরে রাখেন এবং পুরো বিদ্যালয়ে তল্লাশির ব্যবস্থা করেন। 

পরে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ জানায়, প্রায় ৩০০টি বিদ্যালয়ে একই ধরনের বার্তা পাঠানো হয়েছে। ঘটনাটিকে ভুয়া বোমা হামলার হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়।

ডনেলি বলেন, কোনো হুমকি ভুয়া মনে হলেও শুরুতেই সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি। 

ওই একই দিনে স্কটল্যান্ডের অন্তত ৩৩টি বিদ্যালয়েও হুমকি পাঠানো হয়। পাশাপাশি বুলগেরিয়ার প্রায় ২৫টি প্রতিষ্ঠানে একই ধরনের বার্তা পৌঁছায়। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই ছিল স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত। এ ছাড়া দুর্নীতিবিরোধী ও তথ্য ফাঁসকারীদের সহায়তাকারী কয়েকটি সংগঠনও হুমকি পায়।

রয়টার্সের পর্যালোচনা করা আটটি ই-মেইলে ইংরেজি, বুলগেরীয় ও ইতালীয় ভাষায় লেখা বার্তার মধ্যে মিল পাওয়া গেছে। ১৯ অক্টোবর উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো ই-মেইলের বিষয়বস্তুতে লেখা ছিল, ‘ডেথ ইজ নিয়ার’ (মৃত্যু আসন্ন)।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, অন্তত চারটি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এসব বার্তা পাঠানো হয়েছিল। অ্যাকাউন্টগুলো আগে থেকেই অন্যদের দখলে চলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানের দা-ইয়ে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর অ্যাকাউন্টও এ কাজে ব্যবহার করা হয়েছিল বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

নভেম্বরের শুরুতে আবারও তৎপরতা

১৯ অক্টোবরের ঘটনার পর প্রায় দুই সপ্তাহ হুমকিদাতারা অনেকটা নীরব ছিল। এরপর নভেম্বরের শুরুতে নতুন করে শুরু হয় বোমা হামলার হুমকি।

২ নভেম্বর লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি দেওয়া হলে বিমানটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবতরণ করতে বাধ্য হয়।

পরদিন আরও সাতটি ফ্লাইট এবং গ্রিসের উপকূলে অবস্থানরত একটি প্রমোদতরীতে হামলার হুমকি আসে। ৫ নভেম্বর ইউরোপের বিভিন্ন দেশের একাধিক ফ্লাইট আবারও একই ধরনের হুমকির মুখে পড়ে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ারনাভ রাডারের তথ্য অনুযায়ী, ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে অন্তত ১৫টি বিমান সংস্থার ৫০টির বেশি ফ্লাইটে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়।

অক্টোবরে পাঠানো ই-মেইলগুলোতে শরিয়াহ আইনের প্রসঙ্গ থাকলেও নভেম্বরের বার্তাগুলো পাঠানো হয় রাশিয়ার একটি অপরিচিত নারীবিদ্বেষী সংগঠন ‘মেল স্টেট’-এর নামে। তবে সংগঠনটির প্রতিষ্ঠাতা এসব হুমকির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন।

নতুন বার্তাগুলোতেও বোমা হামলা ও রক্তপাতের বিষয়ে সাধারণ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। একটি বার্তায় লেখা ছিল, ‘আজ তোমাদের আকাশ লাল হয়ে যাবে।’

সংবাদমাধ্যমেও হামলার হুমকি

৬ নভেম্বর ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমও হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ফ্রান্সের টিএফ১, বুলগেরিয়ার নোভা এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই এ তালিকায় ছিল।

হুমকির কারণে আরটিইর প্রধান কার্যালয় থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এ সময় তাদের কয়েকটি অনুষ্ঠান সাময়িকভাবে সম্প্রচার বন্ধ রাখতে হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট জানিয়েছে, ওই সময় অন্তত ১২টি সংবাদমাধ্যমকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছিল।

একদিনে ইতালির ৬ হাজারের বেশি স্কুলে হুমকি

১১ নভেম্বর ইউরোপজুড়ে সবচেয়ে বড় আকারের হুমকির ঘটনা ঘটে। এদিন ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে বোমা হামলার বার্তা পাঠানো হয়। এসব বার্তা ‘মিসোজিনিস্তান’ নামের একটি গোষ্ঠীর নামে পাঠানো হয়েছিল। নামটি ‘মেল স্টেট’ সংগঠনের প্রতি ইঙ্গিত করে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ইতালির বিভিন্ন এলাকায় বিদ্যালয় খালি করে দেওয়া হয়। একই দিনে স্কটল্যান্ডের প্রায় এক হাজার এবং উত্তর আয়ারল্যান্ডের ৩০০টি বিদ্যালয়েও হুমকি পাঠানো হয়। আইরিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ডের আরও প্রায় ৩০০টি বিদ্যালয় একই ধরনের বার্তা পেয়েছিল।

বেলফাস্টের সেন্ট জন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রিস ডনেলি জানান, দ্বিতীয় দফার হুমকির সময় তারা আগের তুলনায় কিছুটা সতর্ক ও প্রস্তুত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণ পরীক্ষা করার পর শিক্ষার্থীদের বিরতির সময় বাইরে খেলাধুলার অনুমতি দেওয়া হয়েছিল।


বিদেশি হস্তক্ষেপের সন্দেহ 

সবগুলো ভুয়া বোমা হামলার বার্তা একই গোষ্ঠী পাঠিয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে বার্তার ভাষা, পাঠানোর ধরন এবং লক্ষ্যবস্তুতে মিল থাকায় নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, অধিকাংশ ঘটনার পেছনে একই পক্ষ জড়িত থাকতে পারে।

মাইমকাস্ট জানিয়েছে, অক্টোবর ও নভেম্বরের হুমকিতে স্কটল্যান্ডের প্রায় একই বিদ্যালয়গুলোকে লক্ষ্য করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, হামলাকারীদের কাছে আগে থেকেই প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা ছিল। 

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক যোগসূত্র থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ নিয়ে ব্যাপক তদন্ত চলছে।

ইউরোপের কয়েকজন সরকারি কর্মকর্তা এসব ঘটনার পেছনে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ শুক্রবার দেশটির এলসিআই টেলিভিশনকে বলেন, এসব ঘটনার পেছনে বিদেশি শক্তির সংশ্লিষ্টতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি সম্ভাব্য সংশ্লিষ্ট দেশ হিসেবে রাশিয়া অথবা অন্য কোনো দেশের কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, হুমকিগুলোর উৎস শনাক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপোল কাজ করছে।

এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা অতীতে রাশিয়ার ভাড়াটে হ্যাকার গোষ্ঠী হিসেবে পরিচিত ‘দা ভিঞ্চি গ্রুপ’-এর বিরুদ্ধে একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। ফ্রান্সের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইনট্রিনসেকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পশ্চিমা কয়েকটি সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্য করেও এ ধরনের হুমকি দিয়েছিল গোষ্ঠীটি। তবে এবারের ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।

আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের

বেলফাস্টের বিদ্যালয়প্রধান ক্রিস ডনেলির মতে, উত্তর আয়ারল্যান্ডের মানুষ অতীতে বাস্তব বোমা বিস্ফোরণ ও দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাতের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তবে বর্তমানের ভুয়া হুমকিগুলোকেও অবহেলা করার সুযোগ নেই।

তিনি বলেন, হুমকি যতই অবিশ্বাস্য মনে হোক না কেন, মানুষের মনে একটি প্রশ্ন থেকেই যায়—যদি এটি সত্যিকারের কোনো হামলার হুমকি হতো?

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইউরোপ  স্কুল  বিমানবন্দর  ভুয়া বোমা হামলা  হুমকি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: