নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন ইসরায়েলের বিরোধী নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ না করায় ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অর্থ আদায়ের আইনি

2026-11-17T18:34:32+00:00
2026-11-17T18:34:32+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন ইসরায়েলের বিরোধী নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। সংগৃহীত ছবি
আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ না করায় ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অর্থ আদায়ের আইনি প্রক্রিয়া শুরু করেছেন দেশটির বিরোধী রাজনীতিক ইয়াইর গোলান।  

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১৬ নভেম্বর) তার বিরুদ্ধে এই কার্যক্রম শুরু হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সারা নেতানিয়াহুর কাছ থেকে ২ হাজার শেকেল আদায়ের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৬ হাজার ৬৬৯ টাকা।  

ইয়াইর গোলান ইসরায়েলের উদারপন্থি রাজনৈতিক দল ডেমোক্র্যাটস পার্টির প্রধান। দেশটির রাজনীতিতে তিনি নেতানিয়াহু সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। সদ্য অনুষ্ঠিত নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয় তার দল।

ইয়েদিওথ আহরোনোথের তথ্য অনুযায়ী, গোলানের পক্ষে আইনি কার্যক্রমটি পরিচালনা করছেন ইবিএন ল’ ফার্মের তিন আইনজীবী—গিওরা এরদিনাস্ত, আলমোগ গিল-অর ও ইয়াইরদেন শোচাত।

গত ১১ অক্টোবর লড ডিস্ট্রিক্ট কোর্ট সারা নেতানিয়াহুকে মামলার আইনি ব্যয় বাবদ ওই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গোলানের বিরুদ্ধে করা একটি মানহানির মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন সারা। তবে আদালত তার সেই আবেদন নাকচ করে দেন।

প্রতিবেদন অনুযায়ী, গোলানের আইনজীবীরা গত ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের জন্য সারা নেতানিয়াহুকে আইনি নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও তিনি অর্থ পরিশোধ করেননি। এ কারণেই অর্থ আদায়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সারা নেতানিয়াহু ও ইয়াইর গোলানের মধ্যে বিরোধের সূত্রপাত ২০২৩ সালের অক্টোবরে। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।


হামলার পর ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-এর একটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইয়াইর গোলানের সঙ্গে হামাসের সংশ্লিষ্টতা থাকার ইঙ্গিত দেন সারা নেতানিয়াহু। তিনি গোলানের সামরিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্যের একপর্যায়ে বলা হয়, ৭ অক্টোবর খুব ভোরে গোলান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, অথচ প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যরা তখন পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না।

সারার এসব বক্তব্যকে ভিত্তিহীন ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেন ইয়াইর গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ৭ অক্টোবরের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন সারা। যারা মানুষের জীবন রক্ষায় এগিয়ে এসেছিলেন, তাদের বিশ্বাসঘাতক হিসেবে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ ব্যক্তিদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ইয়াইর গোলান ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ মেজর জেনারেল। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের অর্থনীতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এদিকে, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অর্থ আদায়ের আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে তার বা তার আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নেতানিয়াহু  আইনি ব্যবস্থা  ইসরায়েল  বিরোধী নেতা  ইয়াইর গোলান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: