কিয়েভ ও ক্রিমিয়ার সেতুতে পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কৌশলগত সেতুতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটি মারাত্মকভাবে

2026-11-17T23:02:33+00:00
2026-11-17T23:02:33+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কিয়েভ ও ক্রিমিয়ার সেতুতে পাল্টাপাল্টি হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কৌশলগত সেতুতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় অবকাঠামোতে রুশ হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের সেতু ও দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কির পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া সেতুর মূল সড়কপথের খিলান বা আর্চটি ভেঙে কের্চ প্রণালিতে পড়েছে। এর ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। জেলেনস্কি জানিয়েছেন, নজিরবিহীন এক অভিযানের মাধ্যমে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা ধাপে ধাপে ধ্বংস করার পর সেতুটিতে এই হামলা চালানো হয়।

ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, এই হামলায় দুজন নিহত হয়েছেন এবং ১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সেতুটি দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া প্রতিদিন সেতুসহ আমাদের নানা অবকাঠামোয় আঘাত হানছে। আমরা রাশিয়াকে মনে করিয়ে দিচ্ছি, যুদ্ধ সব সময় সেখানেই ফিরে যায়, যেখান থেকে তা শুরু হয়েছিল।’

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, শক্তিশালী আঘাতে সেতুর সড়ক অংশের খিলান ও একটি স্প্যান ধসে পড়েছে। তবে সেতুর রেল অংশের খিলান ক্ষতিগ্রস্ত হলেও সেটি এখনো টিকে আছে।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভেও রাতভর দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাশিয়া রাজধানীর নর্থ ও সাউথ সেতুতে আঘাত হেনেছে এবং মেট্রো ব্যবস্থার আংশিক ক্ষতি করেছে। পরে মস্কোও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউক্রেনের উপ-জ্বালানিমন্ত্রী আর্তেম নেক্রাসভ জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোতে রাতভর রুশ হামলায় দিনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিজ্জিয়া, মাইকোলাইভ, ওডেসা, সুমি, চেরনিহিভ ও চেরনিভৎসি—এই আটটি অঞ্চলের গ্রাহকেরা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। গত সপ্তাহ থেকে দিনিপ্রো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে একটানা হামলা চালাচ্ছে রাশিয়া।’

এ ছাড়া টেলিগ্রামে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চেরকাসি অঞ্চলে তিনজন আহত হয়েছেন এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ, জাপোরিজ্জিয়া, চেরকাসি ও দিনিপ্রোপেত্রোভস্কের পরিবহন, সামরিক ও জ্বালানি স্থাপনার পাশাপাশি বন্দর অবকাঠামো এবং একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে।

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   কিয়েভ  ক্রিমিয়া  সেতু  পাল্টাপাল্টি হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: