৬৬১ হামলার পরও এডেন অভিমুখে এগোচ্ছে হুতিরা

আন্তর্জাতিক

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালিয়েছে সরকারি সেনাবাহিনী। তারপরও দেশটির অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে

2026-11-17T22:55:57+00:00
2026-11-17T22:55:57+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৬৬১ হামলার পরও এডেন অভিমুখে এগোচ্ছে হুতিরা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালিয়েছে সরকারি সেনাবাহিনী। তারপরও দেশটির অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় হুতি যোদ্ধাদের ১৭৩ জন নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতিদের অগ্রযাত্রার মধ্যেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী।

সরকারি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সোমবার জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামান হামলা, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা। সরকারি বাহিনী গত ৫ অক্টোবর হুথিদের বিরুদ্ধে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। এর লক্ষ্য হলো হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব হামলায় ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হুতিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, সরকারি বাহিনী পপুলার রেজিস্ট্যান্সের সমর্থন নিয়ে তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের মোকাবিলা করছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনেও সামরিক অভিযান চলছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই সামরিক অভিযান এমন সময়ে চালানো হচ্ছে, যখন যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে সরকারি সেনাবাহিনী। এরই মধ্যে লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কৌশলগত অবস্থানগুলো থেকে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। তবে সেনাবাহিনীর দাবি, বাব আল-মান্দেব এলাকা থেকে সরে এসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষায় নিজেদের পুনর্বিন্যস্ত করছে তারা।

আলজাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানিয়েছেন, হুতিরা লোহিত সাগর উপকূল বরাবর সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এর ফলে সরকারি সেনাদের ওই এলাকার কিছু অবস্থান ছেড়ে যেতে হয়েছে। এ পরিস্থিতিতে এডেনের দিকে হুতিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা বাড়ছে।

ইয়েমেনজুড়ে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনাকর ঘটনা ঘটেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করেছে। বিলটিতে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বিলটিতে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। বিলটি চূড়ান্ত আইনে পরিণত করতে এখন স্বাক্ষরের জন্য ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে।  

এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ও তাদের মিত্রদের বড় ধরনের বিপর্যয়ের পর এ পদক্ষেপ নেওয়া হলো।

গত ৫ অক্টোবর ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। এর লক্ষ্য হলো হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। তবে অভিযানের পরও যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে সরকারি বাহিনী।

সম্প্রতি রিয়াদের ইয়েমেনি মিত্ররা বিস্তীর্ণ এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এখন তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় নিজেদের নিয়োজিত করেছে বলে দাবি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার সৌদি আরবের বাদশা সালমানের জারি করা এক রাজকীয় আদেশে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর কমান্ড কাঠামোয় পরিবর্তন আনার কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামাদ আল-সালমানকে তার পদ থেকে সরিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সৌদি আরবের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের চেয়ারম্যান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। পশ্চিমা দুই কূটনীতিক এই পরিবর্তনকে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং হুথিদের অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের জেরে ইয়েমেনে স্তিমিত হয়ে থাকা গৃহযুদ্ধ আবারও শুরু হওয়ার পর থেকে হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে দ্রুত একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি রিয়াদকেও আবার হুতিদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলেছে।

ইয়েমেন সরকার রোববার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ উপকূলের বন্দরনগরী এডেনে নিজেদের মূল ঘাঁটি রক্ষার ওপর জোর দিতে চায়। এ কারণে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এলাকাগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে তারা।

ইয়েমেনের সামরিক বাহিনীর সদস্যরা সোমবার জানিয়েছেন, হুতিরা দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা খোর ওমাইরাহর দিকে এগিয়েছে। এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং সরকারি বাহিনীর অবস্থান কাহওয়া থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। কাহওয়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আরেকটি উপকূলীয় এলাকা।

ইয়েমেনে যুদ্ধ ফের শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ৬৬১ হামলার পরও এডেন অভিমুখে এগোচ্ছে হুতিরা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: