আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এ কারণে রোববার (১০ মে) সকাল থেকে কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিরাপত্তা বজায় রাখতে এবং ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্যে গাছের শাখা-প্রশাখা কাটার কাজ পরিচালনা করা হবে। এজন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
আরও পড়ুন
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া এবং উকিলের মোড়। এসব এলাকা দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন।
নেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হচ্ছে। একই সঙ্গে কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।
এএডি/