ঢাকা টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে পাকিস্তান শিবিরে কাঙ্ক্ষিত ব্রেক-থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর দীর্ঘ সময় কোনো উইকেটের দেখা না পাওয়া বাংলাদেশ অবশেষে সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যকার শতরানের জুটি ভাঙতে সক্ষম হয়। তবে তাইজুলের আঘাতের পরপরই মিরপুরের আকাশে হানা দেয় বেরসিক বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪১৩ রানের চেয়ে সফরকারীরা এখনো ৬৪ রানে পিছিয়ে রয়েছে।
আজকের দিনের গল্পের মোড় ভিন্ন হতে পারত, যদি ইনিংসের ৬৫তম ওভারে তাসকিন আহমেদ ভুল না করতেন। দলীয় ২৩০ রানেই ষষ্ঠ উইকেট হারাতে পারত পাকিস্তান। তাসকিনের বলে সালমান আলী আগা ডিফেন্স করতে গিয়ে লিটন দাসের হাতে ধরা পড়লে বুনো উল্লাসে মেতে ওঠে টাইগাররা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; আম্পায়ারের ‘নো’ বলের সংকেতে বেঁচে যান ব্যক্তিগত শূন্য রানে থাকা সালমান। টিভি রিপ্লেতে দেখা যায়, তাসকিনের পা দাগের অনেকটাই বাইরে ছিল।
জীবন ফিরে পেয়ে আর পেছনে ফিরে তাকাননি সালমান। রিজওয়ানকে সঙ্গে নিয়ে গড়েন ১৫৭ বলে ১১৯ রানের লড়াকু জুটি। উইকেটের চারদিকে দারুণ ব্যাটিং করে দুজনই তুলে নেন অর্ধশতক। অবশেষে ইনিংসের ৯০তম ওভারে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের বলে পরাস্ত হন রিজওয়ান। ৭৯ বলে ৮টি চারের সাহায্যে ৫৯ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে, সালমান ৯০ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৫ রান নিয়ে অপরাজিত আছেন।
এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া পাকিস্তানের হয়ে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে ১০৩ রানে সাজঘরে ফিরেছেন আজান আওয়াইস। বৃষ্টির দাপট কমলে আবারও মাঠে গড়াবে ব্যাট-বলের লড়াই।
/কহু