ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নিজেই।
সাইফুদ্দিন আহমেদ জানান বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগ জমা দিয়ে এসেছি।
পদত্যাগ পত্রে তিনি জানান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে আমার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার জন্য এই পত্রটি লিখছি, যা এই আবেদনপত্র জমা দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, গত ২০ মাস ধরে এই পদে বিশ্ববিদ্যালয়ের সেবা করা এবং শৃঙ্খলা বজায় রাখা ও আমাদের শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে এবং নিবেদিতপ্রাণ সহকর্মীদের সাথে কাজ করার যে সুযোগ আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।
তিনি আরো উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে, প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানো আমার কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তবে আমার একাডেমিক (শিক্ষকতার) জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে সমর্থন করার ক্ষেত্রে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং দায়িত্বের একটি মসৃণ হস্তান্তর নিশ্চিত করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আমার সেবা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।
/কহু