আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। নির্বাচনে লড়তে দলের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। এই তালিকায় সারা দেশের বিভিন্ন উপজেলা এবং পৌরসভার প্রার্থীদের নাম রয়েছে।
রোববার (১২ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম দফার এই তালিকা প্রকাশ করেন এনসিপির প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনে লড়তে দলের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। এই আবেদনগুলো থেকেই বাছাই করে প্রথম ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। ধাপে ধাপে এই মনোনয়ন প্রক্রিয়া চলতে থাকবে।’
সারজিস আলম বলেন, ‘শুধু নিজেদের দলের ভেতর থেকেই নয়, অন্যান্য রাজনৈতিক দলের যোগ্য ব্যক্তিরাও চাইলে এনসিপি থেকে প্রার্থী হতে পারবেন, যদি তারা দলের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারেন।’
‘আবেদনকারীকে অবশ্যই পরিশ্রমী ও জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তার কোনো নিপীড়ন বা দুর্নীতির অতীত রেকর্ড থাকা চলবে না এবং আগের স্বৈরাচারী সরকারের বা তাদের কোনো অপরাধের সঙ্গেও সরাসরি যুক্ত থাকা যাবে না।’
সারজিস বলেন, ‘আমরা কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করছি। যদি অন্য কোনো রাজনৈতিক দলের পরিচ্ছন্ন ব্যক্তিও আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমরা তাদেরও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’
দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, এই লক্ষ্যেই ছাত্র, শ্রমিক, নারী এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ দেওয়া হয়েছে।
/কেআই