ভিসার ‘বন্ডের’ টাকা পাঠানো যাবে ব্যাংক থেকেই

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসার শর্ত হিসেবে প্রয়োজনীয় মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য নিরাপত্তা জামানতের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ

2026-05-11T21:34:19+00:00
2026-05-11T21:34:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
ভিসার ‘বন্ডের’ টাকা পাঠানো যাবে ব্যাংক থেকেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৩৪ পিএম 
প্রতীকী ছবি
বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসার শর্ত হিসেবে প্রয়োজনীয় মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য নিরাপত্তা জামানতের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর ফলে এখন থেকে বাংলাদেশি আবেদনকারীরা নির্দিষ্ট শর্ত মেনে সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই এই অর্থ বিদেশে পাঠাতে পারবেন। 

ইতিপূর্বে এই অর্থ পাঠানোর সুনির্দিষ্ট ও সহজ কোনো ব্যবস্থা না থাকায় আবেদনকারীদের নানামুখী জটিলতা ও ভোগান্তিতে পড়তে হতো এবং অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠানোর ঝুঁকি নিতে হতো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি লাঘব এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ যদি ভিসা প্রদানের শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট দাবি করে, তবে ব্যাংকগুলো সেই অর্থ বিদেশে পাঠানোর অনুমতি পাবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে এবং সেখানে প্রয়োজনীয় পরিমাণ অর্থ আগে থেকেই লোড করে রাখার সুবিধা দেওয়া হবে।

যাদের আগে থেকেই আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ড রয়েছে, তারাও তাদের ভ্রমণ কোটার আওতাভুক্ত অর্থ ব্যবহার করে এই সিকিউরিটি ডিপোজিট পরিশোধ করতে পারবেন। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে দিয়েছে, এই অর্থ শুধুমাত্র ভিসা বন্ড বা সংশ্লিষ্ট নিরাপত্তা জামানত পরিশোধের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। 

এছাড়া এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতে ইস্যু করা কার্ডের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

ব্যাংক খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন নীতির ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ উন্নত দেশগুলোতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে। অনেক দেশ ভিসার শর্ত হিসেবে আবেদনকারীর আর্থিক সক্ষমতা যাচাই এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা হিসেবে এই ধরনের বন্ড চেয়ে থাকে। 

সরকারিভাবে এই অর্থ পাঠানোর পথ উন্মুক্ত হওয়ায় এখন থেকে আবেদনকারীরা আইনি জটিলতামুক্ত থেকে দ্রুততম সময়ে তাঁদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/টিএইচ



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: