আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর বেশ কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ লাইনের ওপর ঝুলে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ পরিচালনার জন্য এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন গ্রাহকদের জন্য জারিকৃত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর ফলে মেহেরচন্ডি ৩৩ কেভি এবং কড়াইতলা ফিডারের সম্পূর্ণ অংশের গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন। বিশেষ করে কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় এই সময়ে কোনো বিদ্যুৎ থাকবে না।
নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আসন্ন উৎসবের সময় যেন কোনো ধরনের যান্ত্রিক গোলযোগ তৈরি না হয়, সেটি নিশ্চিত করতেই এই আগাম রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা অনেক সময় ঝড়ের সময় বা স্বাভাবিক অবস্থায়ও বিদ্যুৎ বিভ্রাটের কারণ হয়ে দাঁড়ায়, যা অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।
বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার ফলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের যে অসুবিধার সৃষ্টি হবে, তার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। দুপুর ২টার পর কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে। গ্রাহকদের এই সময়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সময়ের আলো/টিএইচ