ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গুরগাঁওয়ের মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি একটি অস্ত্রোপচারের প্রয়োজনে তাকে ভর্তি করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বর্তমানে তার শরীরের বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন এবং দিল্লির বায়ুদূষণের কারণে তাকে প্রায়ই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়।
চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে গত মার্চ মাসে তীব্র জ্বর ও ফুসফুসে সংক্রমণ নিয়ে তিনি দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া নিয়মিত চেকআপের জন্য এর আগেও তিনি বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ভর্তি হয়েছিলেন।
বর্তমানে কংগ্রেসের এই শীর্ষ নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
সময়ের আলো/জেডি