পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছের শাখা-প্রশাখা কাটার কাজ পরিচালনা করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আরও পড়ুন
যেসব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে কড়াইতলা মোড়, দয়ারাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ এলাকা, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি সংলগ্ন এলাকা। এছাড়া মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন পুরো এলাকাও এই বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়বে।
নেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন ঈদে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতেই এই রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে বৈদ্যুতিক যন্ত্রপাতির ওপর নির্ভরতা বেশি, তাদের আগাম সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এএডি/