লিওনেল মেসি যেন বয়সকে প্রতিনিয়ত ভুল প্রমাণ করে চলেছেন। ৩৮ বছর বয়সেও মাঠে তার দাপট কমেনি একটুও। আবারও দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
মেজর লিগ সকারে বৃহস্পতিবার (১৪ মে) টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে দুই গোল করার পাশাপাশি আরও তিনটি গোল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি।
যদিও ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন বলে মনে হচ্ছিল, পরে ভিডিও রিভিউতে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করা হয়। ফলে অল্পের জন্য তিন গোল করা হয়নি মায়ামি অধিনায়কের।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ২৪ মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে জালে বল পাঠান মেসি। এতে এগিয়ে যায় সফরকারীরা।
আরও পড়ুন
তবে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কেভিন দেঙ্কি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাভেল বুচার গোলে এগিয়ে যায় স্বাগতিক সিনসিনাটি।
চাপের মুহূর্তে আবারও সামনে আসেন মেসি। ৫৫ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরান তিনি। কিন্তু ৬৪ মিনিটে ইভান্ডারের গোলে আবার লিড নেয় সিনসিনাটি।
এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইন্টার মায়ামি। আক্রমণের নেতৃত্বে ছিলেন মেসি। ৭৯ মিনিটে মাতেও সিলভেত্তিকে দিয়ে গোল করান তিনি। এরপর ৮৪ মিনিটে হেরমান বের্তেরেমের গোলেও ছিল মেসির অবদান।
ম্যাচের শেষ মুহূর্তে সিলভেত্তির ক্রস থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে ভেসেছিলেন মেসি। তবে পরে দেখা যায়, বলটি জালে ঢোকার আগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লাগে। এজন্য গোলটি আত্মঘাতী হিসেবে গণনা করা হয়।
এই জয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেল ইন্টার মায়ামি। শেষ কয়েক ম্যাচে ধারাবাহিকতা হারানো দলটির হয়ে মেসির পারফরম্যান্স ছিল ম্যাচের বড় পার্থক্য গড়ে দেওয়ার মূল কারণ।
চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে তার মোট গোল দাঁড়িয়েছে ৯০৯টি।
এএডি/