স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে আরও সমন্বিত ও যুগোপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিদ্যমান বিধিমালার অসামঞ্জস্য দূর করে অভিন্ন কাঠামো তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তুলনামূলক চিত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন কমিটির প্রধান ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বৈঠক শেষে তিনি জানান, বর্তমানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী বিধিমালায় কী কী নিয়ম রয়েছে এবং সরকার সম্প্রতি আইনে কী ধরনের পরিবর্তন এনেছে, তা বিশ্লেষণ করতেই এই তুলনামূলক চিত্র তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ও একই ধরনের বিধিমালা প্রণয়নের পথ সহজ হবে বলে মনে করছে কমিশন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, আইন ও বিধির মধ্যে যেসব অসঙ্গতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিধিমালায় পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে নির্বাচনে জামানতের পরিমাণ বৃদ্ধি, পোস্টারনির্ভর প্রচারণা সীমিত বা বন্ধ করা এবং ইভিএম পদ্ধতি বাদ দেওয়ার মতো বিষয় রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই দেশের বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাই সংশোধিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত সময়ের মধ্যে নতুন বিধিমালা চূড়ান্ত করতে কাজ করছে কমিশন।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী এক বছরে দেশে প্রায় চার হাজার ১০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
এএডি/