সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত এই সমাবেশ থেকে দলটির নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সীমাহীন অবহেলা ও টিকা কেনায় গাফিলতির কারণেই দেশে শিশুমৃত্যু এক ভয়াবহ রূপ নিয়েছে।
এই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অবিলম্বে ঘটনার জন্য দায়ী প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
সমাবেশে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে। সরকারি হিসেবেই এখন পর্যন্ত ৪৩৯ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেন সিপিবি নেতারা।
তারা বলেন, হাম সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়লেও সরকার সময়মতো টিকা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। ত্বরিত গতিতে টিকাদান কর্মসূচি পরিচালনার যে ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ থাকার কথা ছিল, বর্তমান সরকারের ক্ষেত্রে তার চরম অভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে গ্রাম ও শহরের মধ্যে টিকার বিতরণে ব্যাপক বৈষম্য করা হচ্ছে বলে তারা অভিযোগ তোলেন।
সিপিবির পক্ষ থেকে এই বিপর্যয় মোকাবিলায় বেশ কিছু জরুরি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে জরুরি ভিত্তিতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা এবং স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করে প্রয়োজনীয় ওষুধ ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) সেবা নিশ্চিত করা।
এ ছাড়া সরকারি অবহেলায় যে সব শিশু প্রাণ হারিয়েছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল থামাতে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সমাবেশে বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হাম রোধে সরকারি প্রচার-প্রচারণা বৃদ্ধির আহ্বান জানান। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা একমত পোষণ করেন, সরকারের স্বাস্থ্য নীতি ও টিকা ব্যবস্থাপনার চরম ব্যর্থতা আজ শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, যার জবাবদিহি নিশ্চিত করা সময়ের দাবি।
সময়ের আলো/টিএইচ