চিকিৎসক ও নার্সের অবহেলায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপতালে মেহেনিত বিন জিয়া নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৫ মে) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্বজনদের অভিযোগ, তিন দিন আগে হামের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হয় ৯ মাসের জিয়া। সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। সময়মতো চিকিৎসা না দেওয়াতেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।
শিশুটির মামা বলেন, ‘শুক্রবারও কিছুটা সুস্থ ছিল। কিন্তু রাতে হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। কিন্তু ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। সেখানে দুজন নার্স খুবই খারাপ ব্যবহার করেন। আমার ভাগ্নেকে বাঁচাতে পারিনি।’
তারা জানান, বৃহস্পতিবার থেকে আইসিইউতে নেওয়া হয় তাকে। গত দুদিনের তুলনায় শুক্রবার কিছুটা সুস্থ ছিল বাচ্চাটি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা।
তবে এ অভিযোগ অস্বীকার করে শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান বলেন, ‘শিশুটি হাম ও নিউমোনিয়া আক্রান্ত ছিল। বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে।’
রোগীর স্বজনদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে এই চিকিৎসক বলেন, ‘যদি কেউ দোষী হয় তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
/কেএইচও