এক প্রান্তে লিটনের দুর্দান্ত শতক, অন্য প্রান্তে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সিলেটের উইকেট শুরু থেকেই পেসারদের জন্য কিছুটা সহায়ক হবে এমন ইঙ্গিত আগেই ছিল, আর খেলা শুরু হতেই সেটি স্পষ্ট হয়ে

2026-05-16T17:14:00+00:00
2026-05-16T18:27:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এক প্রান্তে লিটনের দুর্দান্ত শতক, অন্য প্রান্তে অলআউট বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি
সিলেটের উইকেট শুরু থেকেই পেসারদের জন্য কিছুটা সহায়ক হবে এমন ইঙ্গিত আগেই ছিল, আর খেলা শুরু হতেই সেটি স্পষ্ট হয়ে ওঠে। নতুন বলে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস। তাদের গতি ও সুইংয়ের সামনে বাংলাদেশের শুরুর ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে যান। বিশেষ করে জয় ও মুমিনুল হককে বেশ ভুগতে হয়েছে শুরুতে, কোনোভাবেই তারা সেট হতে পারেননি।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে একমাত্র ব্যতিক্রম ছিলেন লিটন দাস। এক প্রান্ত আগলে রেখে ধৈর্য, নিয়ন্ত্রণ আর আক্রমণ-সব মিলিয়ে গড়েন দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটে ভর করেই লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭৭ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন লিটন দাস।

ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মুহাম্মদ আব্বাসের করা ইনিংসের প্রথম বলই লাইন মিস করেন জয়। তবে সেটি লেগ স্টাম্পের বাইরে হওয়ায় লেগ বিফোর থেকে বেঁচে যান। দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন। তাতে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় এই ওপেনারকে।

শুরুর সেই ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল-তানজিদ মিলে। ভালো শুরুর আভাস দিয়েও অভিষিক্ত ওপেনার তানজিদ ৩৪ বলে ২৬ রানে থামেন। তার বিদায়ে ভাঙে ৪৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল-শান্ত’র জুটি বেশিক্ষণ টিকেনি। খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প ভেঙে দেয়। ৬৩ রানে ৩ উইকেট হারালেও বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন শান্ত-মুশফিক। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত উইকেটে থিতু হয়েও ফিরেছেন শট খেলতে গিয়ে দুটানায় পড়ে স্লিপে ক্যাচ দিয়ে। তার ব্যাট থেকে আসে ২৯ রান।

এরপর মুশফিকও আর বেশিক্ষণ টিকতে পারেনি। ৬৪ বলে ২৩ রান করে শাহজাদের বলে লেগ বিফোরের শিকার হয়েছেন তিনি। সাতে নেমে পুরোপুরি ব্যর্থ মেহেদি হাসান মিরাজ। ৪ রান করে তিনি ফিরলে ১১৬ রানে ৬ উইকেট হারায় দল।

দলের এমন বিপদে হাল ধরেন লিটন। তাকে বেশ কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। মাত্র ১৬ রান করলেও তিনি বল খেলেছেন ৪০টি। যা সাহায্য করেছে আরেক প্রান্তে থাকা লিটনকে। তাইজুলের পর তাসকিনকে নিয়ে এগোনোর চেষ্টা করেন লিটন। তবে তাসকিন ১৩ বলের বেশি খেলতে পারেননি।

এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে লিটন খেলেছেন ১৩৫ বল। লাল বলে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৬ রানে ফিরেছেন লিটন।


  বিষয়:   লিটন  অলআউট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: