প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়ার পথে শনিবার (১৬ মে) চান্দিনায় তাকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভিড় করেন বিএনপির হাজারো নেতা-কর্মী।
সকাল থেকেই চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল এলাকা, চান্দিনা বাসস্ট্যান্ড ও উপজেলা গেইট এলাকায় মহাসড়কের দুই পাশে নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। এসব ব্যানারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন–এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর চান্দিনা অংশ অতিক্রম করার সময় উপজেলা গেইট এলাকায় জনসমাগমের কারণে গাড়ির গতি ধীর হয়ে যায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে এমপি আতিকুল আলম শাওনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান। ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ‘দল থেকে বহিষ্কার করা হলেও আমরা বিএনপির আদর্শ থেকে সরে যাইনি। আজ প্রধানমন্ত্রী আমাদের নেতাকে কাছে টেনে নিয়ে দোয়া করেছেন। আমরা আশা করছি খুব দ্রুত আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।’
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ থেকে বহিষ্কার করে দলটি। আতিকুল আলম শাওন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বদ্বতা করেন। পরে ২৬ জানুয়ারি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে চান্দিনা উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়। ওই নির্বাচনে এলডিপির মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেয়া সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে হারিয়ে শাওন স্বতন্ত্র প্রতীকে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পান ৪৭ হাজার ৯২৫ ভোট।
/এসএকে