ট্রাকের নিচে পড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৯টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চাউল ভর্তি নষ্ট ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা-পুত্রকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন। ছবি সংগৃহীত
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে পিতা-পুত্র নিহত হয়েছেন।