ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে নাকি ইতিহাসে থাকবে’— এমন হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি এই অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে।
এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে— তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’
এই বক্তব্যের জবাবে পাকিস্তানের আইএসপিআর জানায়, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, উগ্র-জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের অস্তিত্বের মূল ধারণাকে মেনে নিতে পারেনি এবং ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা আসলে কাণ্ডজ্ঞানহীনতা, পাগলামি এবং যুদ্ধংদেহি মনোভাবের বহিঃপ্রকাশ।
পাকিস্তান ভারতকে মনে করিয়ে দিয়ে বলেছে, কোনো সার্বভৌম দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে ব্যাপক। এই ধ্বংসযজ্ঞ একতরফা হবে না, বরং তা দু’দেশের পাশাপাশি সামগ্রিকভাবে গোটা অঞ্চলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।
সময়ের আলো/জেডি