প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনের তৃতীয় সপ্তাহে চীন সফরে যেতে পারেন। সফরটি দুই দিনের বেশি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৩ বা ২৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। প্রাথমিক আলোচনা অনুযায়ী, প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছানোর একই দিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফরে যাবেন। তারা (চীন) খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার (উন্নয়ন অংশীদার)। তিনি (প্রধানমন্ত্রী) সুবিধাজনক সময়ে চীন সফর করবেন।
গত ৮ মে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন।
এদিকে ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক স্তরে যোগাযোগ নিবিড় করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর।
সময়ের আলো/জেডআই