প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৬:০৫ পিএম
গ্যাসের স্বল্পচাপের কারণে চুলা জ্বলছে না । ছবি : সংগৃহীত জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এ সময় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। বর্তমানে দৈনিক ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রক্ষণাবেক্ষণ চলাকালে তা কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে।
পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। ফলে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিট এলএনজি টার্মিনালে এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
সময়ের আলো/এসকে